এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোনো বিরোধের জেরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক নেতা ও এক নারী সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতা অনিন্দ্য বিশ্বাস এবং গণমাধ্যম ‘ঢাকা পেপার্স’-এর হেড অব প্রোডাকশন মোরসালিনা অনিকা।
রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ক্যাম্পাসের রমনা কালীমন্দির গেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম মোক্তাদির ইরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
ভুক্তভোগী অনিন্দ্য বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, রাতে তাঁরা রিকশায় যাওয়ার সময় তিন-চারটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন তাঁদের পথরোধ করে। একপর্যায়ে অনিন্দ্যকে রিকশা থেকে নামিয়ে মারধর শুরু করা হয়। এ সময় মোরসালিনা অনিকা তাঁকে রক্ষা করতে গেলে তিনিও হামলার শিকার হন এবং তাঁর হাত আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে যায়।
অনিন্দ্য জানান, গত ১২ নভেম্বর ইরামের ব্যক্তিগত গাড়ির সঙ্গে তাঁদের রিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে একটি বিরোধের সৃষ্টি হয়েছিল। যদিও পরবর্তীতে বিষয়টি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে মীমাংসা হয়ে যায়। কিন্তু সেই পুরোনো ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি তাঁর।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গোলাম মোক্তাদির ইরাম। তাঁর দাবি, গত ১২ নভেম্বর উল্টো অনিন্দ্যসহ রিকশায় থাকা ব্যক্তিরা তাঁকে মারধর করেছিলেন এবং পরে বিষয়টি নিয়ে কোনো ভুল স্বীকার করেননি। রোববার রাতে অনিন্দ্যকে ক্যাম্পাসে দেখতে পেয়ে তিনি আগের ঘটনার বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অনিন্দ্য তাঁর পরিচিতদের ডেকে আনার চেষ্টা করলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এ হামলাকে মুক্তচিন্তা, স্বাধীন সাংবাদিকতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। উদীচীর বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ১২ থেকে ১৩ জন অংশ নিয়েছিল। ক্যাম্পাসে মোরাল পুলিশিং ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো।
ঘটনার বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সেপ্টেম্বর ২০, ২০২৬
নভেম্বর ১৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।