গান্ধী আশ্রম ট্রাস্টের উন্নয়নে পর্যায়ক্রমে পদক্ষেপ নেবে সরকার: আইন সচিব

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২১ নভেম্বর, ২০২৬ ১২:৩৭ পিএম
শেয়ার করুন:
গান্ধী আশ্রম ট্রাস্টের উন্নয়নে পর্যায়ক্রমে পদক্ষেপ নেবে সরকার: আইন সচিব

নোয়াখালীর সোনাইমুড়ীতে অবস্থিত ঐতিহাসিক গান্ধী আশ্রম ট্রাস্টের সেবামূলক কাজের পরিধি বাড়াতে এবং এর টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে সোনাইমুড়ীর জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানের ঐতিহাসিক গুরুত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে আইন সচিব বলেন, “গান্ধী আশ্রম ট্রাস্ট দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। বিশেষ করে প্রান্তিক মানুষের দৌরগোড়ায় বিনামূল্যে আইনগত সহায়তা পৌঁছে দেওয়া ও দারিদ্র্য বিমোচনে ট্রাস্টের গৃহীত পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী।” তিনি ট্রাস্টের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব রাহা নব কুমার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন, আইন সচিবের একান্ত সচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. ফরিদ আলম এবং সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন।

মুক্ত আলোচনা পর্বে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী পরিচালক অসীম কুমার বকসী, সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, ইউপি সদস্য হারুন অর রশীদ ও কামাল মজুমদার, নারী নেত্রী আলেয়া বেগম, বর্ষা চক্রবর্তী এবং জয়নাল আবেদিন প্রমুখ। 

বক্তারা ট্রাস্টের চলমান শান্তি ও সম্প্রীতি ক্যাম্পেইন, মানবাধিকার ও সুশাসন, চরকা ও হস্তশিল্প, কৃষি ও বনায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, বিনামূল্যে চিকিৎসাসেবা, আইসিটি প্রশিক্ষণ, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চিত্র তুলে ধরেন। একই সঙ্গে এসব জনকল্যাণমুখী কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ও পরিধি বাড়াতে সরকারি অনুদান এবং আর্থিক বরাদ্দ বৃদ্ধির জোর দাবি জানান তারা।

মতবিনিময় সভা শেষে আইন সচিব অতিথিদের সঙ্গে নিয়ে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট, গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, কুটির শিল্প, মৎস্য ও বনায়ন প্রকল্পসহ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। 

এর আগে, আশ্রম পরিদর্শনের উদ্দেশ্যে সচিব লিয়াকত আলী মোল্লা সস্ত্রীক বৃহস্পতিবার সোনাইমুড়ীতে আসেন এবং ট্রাস্টের নিজস্ব গেস্ট হাউসে রাত্রিযাপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।