ফরিদপুরের ভাঙ্গায় সম্প্রতি হামলায় নিহত জাতীয়তাবাদী কৃষক দলের নেতা রাজু মোল্লার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে গিয়ে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। পাশাপাশি তাঁরা নিহত রাজু মোল্লার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে নিহত নেতার পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে এবং সব সময় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “নিবেদিতপ্রাণ বিএনপি নেতা রাজু মোল্লার হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। রাজুর পরিবারের সব দায়িত্ব আমার।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় সহিংস হামলার ঘটনায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন। বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তাঁর মৃত্যু হয়েছে।