মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২১ নভেম্বর, ২০২৬ ১১:২৬ এএম
শেয়ার করুন:
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা অপরিসীম সাহসিকতার সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই দেশকে ফ্যাসিবাদমুক্ত, বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের অনন্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ‘বীরশ্রেষ্ঠ’, ‘বীর উত্তম’, ‘বীর বিক্রম’ কিংবা ‘বীর প্রতীক’—যে উপাধিতেই ভূষিত করা হোক না কেন, একটি জাতির স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে অর্জন করা সবার পক্ষে সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা চিরকাল অনন্য ও অসাধারণ হয়ে থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আপনাদের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, আবার কারও কারও পরিবারের সদস্য দেশের জন্য শহীদ হয়েছেন। আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই অনন্য গৌরবের অংশীদার।”

লাখো মানুষের আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা স্মরণ করে সরকারপ্রধান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া রাষ্ট্রের একটি পবিত্র দায়িত্ব এবং এর মাধ্যমে সেই দায় কিছুটা হলেও শোধ করার চেষ্টা করা হয়।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, এই আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে গভীরভাবে আন্দোলিত করে। তিনি স্মরণ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সশস্ত্র বাহিনীর জন্যও এক বিশেষ গৌরবের বিষয়।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের জীবনমান নিশ্চিত করতে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’।

বয়সের ভারে বীর মুক্তিযোদ্ধারা আজ জীবনের সায়াহ্নে উপনীত হলেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ নিয়ে থাকে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

বক্তব্যের শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তর করতে এবং মুক্তিযোদ্ধা পরিবারের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে রাষ্ট্র সবসময় তাঁদের পাশে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।