প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্কঃ
২১ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ পিএম
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ‘সশস্ত্র বাহিনী দিবস’। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।

শনিবার সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সেই তাৎপর্যপূর্ণ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।