মঠবাড়িয়ায় পানির ট্যাংক থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা প্লেট উদ্ধার, আটক ১

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২১ নভেম্বর, ২০২৬ ১২:২৪ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় পানির ট্যাংক থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা প্লেট উদ্ধার, আটক ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বসতবাড়ির পানির ট্যাংক থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা রহস্যময় একটি ধাতব প্লেট উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে কথিত ‘ম্যাগনেটিক পিলার’ সন্দেহে উদ্ধার হওয়া এ বস্তুটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সবুজনগর এলাকার আলমগীর হোসেনের ‘সাহেব বাড়ি’তে অভিযান চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে বেশ কিছুদিন ধরে বহিরাগত ও অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করছিলেন এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা গোপনে বিষয়টি পুলিশকে জানান। তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত বাড়িটিতে দফায় দফায় তল্লাশি চালায়। একপর্যায়ে পানির ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্লেটটি উদ্ধার করা হয়। একই সঙ্গে সেখানে অবস্থানরত আশিক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আটক আশিক ঢাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া প্লেটটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি–১৮৩৯’ (East India Company–1839) খোদাই করা রয়েছে। ধারণা করা হচ্ছে, কথিত ম্যাগনেটিক পিলারের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কোনো প্রতারক চক্রের সঙ্গে এর সম্পৃক্ততা থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী দিয়ে তৈরি, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, কথিত ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি প্লেটসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। 

তিনি আরও বলেন, উদ্ধার করা বস্তুটি আসলে কী এবং এতে কোনো বিশেষ উপাদান রয়েছে কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ল্যাব রিপোর্ট পাওয়ার পরই এর প্রকৃত পরিচয় ও রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।