আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে সাবেক শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

স্টাফ রিপোর্টারঃ
২৬ অক্টোবর, ২০২৬ ৫:৫৮ পিএম
শেয়ার করুন:
আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে সাবেক শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে পাঠ্যবই উপহার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে এই পাঠ্যবই বিতরণ করা হয়। 

সংগঠনের আহ্বায়ক হাবিবুল্লাহ মাহবুবের সভাপতিত্বে এবং সদস্যসচিব হোসাইন এম. আসারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ খান রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খান মো. কামরুজ্জামান, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক তাহমিনা ফেরদৌসী শুভ্রা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফকরুল ইসলাম। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা নাসির খান।

প্রধান অতিথির বক্তব্যে হাসান উল্লাহ খান রানা বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের ইতিবাচক উদ্যোগ নতুন প্রজন্মকে পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে হাবিবুল্লাহ মাহবুব বলেন, “আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের আত্মিক ও আবেগের সম্পর্ক রয়েছে। এই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতেই এই পাঠ্যবই উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমরা বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহতী উদ্যোগ প্রতিষ্ঠানের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সেতুবন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এক্স-স্টুডেন্ট ফোরামের সদস্য মনিরুল ইসলাম নাসির, মো. রবিউল্লাহ রবি, জাহিদুল ইসলাম জুয়েল, মো. আলমগীর হোসেন ভান্ডারী, আলাউদ্দিন সুমন, মো. সানি ও শাহেদ আলম রাসেলসহ অনেকে। 

অনুষ্ঠানের শেষ পর্বে এইচএসসি প্রথম বর্ষের ২০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যবই তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।