আমার একটাই ছেলে, ওর জন্য দোয়া করবেন- অপ্রতীমের জানাজায় বাবার আকুতি

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪৫ পিএম
শেয়ার করুন:
আমার একটাই ছেলে, ওর জন্য দোয়া করবেন- অপ্রতীমের জানাজায় বাবার আকুতি

“আমার একটাই ছেলে। আপনাদের কুমিল্লার আকাশের নিচে, আপনাদের ভালোবাসায় ও বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাইছি—ওর কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে ওকে মাফ করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করেন।”

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। সন্তানহারা এক বাবার এমন বুকফাটা আহাজারিতে সেখানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের চোখেও জল নেমে আসে; শোকের ছায়ায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অপ্রতিমের সহপাঠী, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। প্রিয় ক্যাম্পাসের মাঠে শেষবারের মতো অপ্রতিমকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন তার সহপাঠী ও শিক্ষকেরা। প্রথম জানাজা শেষে তার মরদেহ দ্বিতীয় জানাজার উদ্দেশে গন্ধমতি এলাকায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত শুক্রবার কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। 

পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরুর পর কুমিল্লার সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে। 

হৃদয়বিদারক এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত চারজনকে আটক করেছে। কী কারণে এবং কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ জোর তদন্ত চালিয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।