নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা: মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৪ নভেম্বর, ২০২৬ ৮:৩৩ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা: মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে নিহতের স্বজনদের ওপর চাপ প্রয়োগ এবং ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় মীর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হলে স্থানীয় একটি পক্ষ তাতে বাধা দেয়। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি পুরো মামলাটি তুলে নিতে নিহতের স্বজনদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে বিকেল ৫টা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, দাফনে বাধা দেওয়ার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল, তবে পর্যাপ্ত পুলিশ সদস্য ছিলেন না। তিনি নিজে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।