সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অনলাইন ডেস্কঃ
১৪ নভেম্বর, ২০২৬ ২:৫৯ পিএম
শেয়ার করুন:
সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে শ্রমিকদের চলমান অসন্তোষ ও নিরাপত্তা শঙ্কার জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আরও ১০টির বেশি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিপুলসংখ্যক কারখানা বন্ধ থাকলেও শনিবার (১৪ নভেম্বর) শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

শনিবার সকালে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, জিরাবো ও পুকুরপাড় এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো চিরচেনা কর্মব্যস্ততা নেই। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে বিজিবি, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। 

গতকাল রাতের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল থেকেই বন্ধ ঘোষিত কারখানাগুলোর মূল ফটকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী (‘কাজ নেই, মজুরি নেই’ নীতি) বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ফটকে নোটিশ দেখে শান্তভাবেই বাসায় ফিরে যান। দু-একটি স্থানে শ্রমিকদের ছোট ছোট দলে জটলা পাকানোর চেষ্টা করতে দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারেনি। অন্যদিকে, যেসব কারখানা খোলা রাখা হয়েছে, সেগুলোতে স্বাভাবিক নিয়মেই উৎপাদন কার্যক্রম চলছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুর ও পুকুরপাড় এলাকার পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন। মালিকপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার কাজে ফেরার অনুরোধ জানানো হলেও অসন্তোষ পুরোপুরি কাটেনি। এর পরিপ্রেক্ষিতে জানমাল ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ কারখানা বন্ধের এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে— চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ অ্যাপারেলস লিমিটেড, রেডিয়ান্স নিটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডসহ অন্তত ৪০টি প্রতিষ্ঠান।

সার্বিক বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড় ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তা শঙ্কায় ৪০টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রাখা হয়েছে এবং বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।