বিদেশে পাচার করতে বাসের সাইডবক্সে রাখা ছিল ১০৩টি টিয়া

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৮ পিএম
শেয়ার করুন:
বিদেশে পাচার করতে বাসের সাইডবক্সে রাখা ছিল ১০৩টি টিয়া

বগুড়ায় একটি যাত্রীবাহী বাসের সাইডবক্স থেকে খাঁচাবন্দী অবস্থায় ১০৩টি লালমাথা প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিদেশে পাচারের উদ্দেশ্যে পাখিগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আল বাকারা ট্রাভেলস’-এর একটি বাসে করে বিপুল পরিমাণ টিয়া পাখি পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। তল্লাশির একপর্যায়ে বাসটির সাইডবক্সে রাখা ১০টি প্লাস্টিকের খাঁচা থেকে ১০৩টি লালমাথা প্যারাকিট টিয়া উদ্ধার করা হয়।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান জানান, একটি অসাধু পাখি পাচারকারী চক্র টিয়াগুলো বিদেশে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারের পর বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে টিয়া পাখিগুলোকে প্রাকৃতিক পরিবেশে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।