ভারতে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭০ বছরের পুরোনো মসজিদ

অনলাইন ডেস্কঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৯ পিএম
শেয়ার করুন:
ভারতে বুলডোজার দিয়ে ভাঙা হলো ৭০ বছরের পুরোনো মসজিদ

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে সরকারি জমি ‘দখল’ করে নির্মাণের অভিযোগে প্রায় ৭০ বছরের পুরোনো একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার ভোরে জেলাশাসকের (ডিএম) কার্যালয় চত্বরে অবস্থিত এই মসজিদটি ভেঙে ফেলা হয়। নিম্ন আদালতের উচ্ছেদাদেশ জেলা জজ আদালতে বহাল থাকার কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি করে এ অভিযান চালানো হলো।

**আইনি প্রেক্ষাপট ও কোটি রুপির জরিমানা:**  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি অবৈধভাবে দখল করে দীর্ঘ সময় ব্যবহারের দায়ে আদালতের নির্দেশে মসজিদ কমিটিকে ৬ কোটি ৪১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে গত ১৭ জুলাই সিটি ম্যাজিস্ট্রেট মসজিদটিকে বেআইনি ঘোষণা করে ভেঙে ফেলার নির্দেশ দেন। মুসলিম পক্ষ এই আদেশকে চ্যালেঞ্জ করে জেলা জজ আদালতে আপিল করলে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আপিলটি খারিজ করে দেন এবং আগের উচ্ছেদাদেশ বহাল রাখেন। তবে স্থানীয় মুসলিমদের দাবি, মসজিদটির বয়স প্রায় ৭০ বছর এবং এর স্বপক্ষে প্রয়োজনীয় রাজস্ব রেকর্ড তাদের কাছে রয়েছে।

বজরং দলের সাবেক প্রাদেশিক সমন্বয়ক বিকাশ ত্যাগীর একটি লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে এই আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল। অভিযোগে দাবি করা হয়, অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হওয়া কালেক্টরেট চত্বরে বেআইনিভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এছাড়া স্থানটিতে ডাকঘর পরিচালনা ও কক্ষ ভাড়া দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারেরও অভিযোগ তোলা হয়।

**কড়া নিরাপত্তায় ভোরে উচ্ছেদ অভিযান:**  
শনিবার ভোরে বুলডোজার দিয়ে মসজিদ ভাঙার সময় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ও সিটি ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কালেক্টরেট চত্বরের সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারিসহ (পিএসি) বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

**মুসলিম সম্প্রদায়ের ক্ষোভ ও রাজনৈতিক প্রতিক্রিয়া:**  
চূড়ান্ত আইনি প্রতিকারের সুযোগ শেষ হওয়ার আগেই প্রশাসন মসজিদটি গুঁড়িয়ে দেওয়ায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান প্রশাসনের এমন পদক্ষেপকে ‘হঠকারী’ উল্লেখ করে বলেন, আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষের হাতে আরও প্রায় ২২ দিন সময় ছিল। কিন্তু উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই মসজিদটি ধ্বংস করা হলো। পুরো বিষয়টি নিয়ে মুসলিম পক্ষ এখন হাইকোর্টের দ্বারস্থ হবে। 

কংগ্রেস সাংসদ ইমরান মাসুদও জানান, ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনাটি রক্ষার জন্য তারা হাইকোর্টে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, বিতর্কিত জমির রাজস্ব রেকর্ডে ওয়াহিদ খান ও ইয়াকুব খানের নাম রয়েছে; ফলে দীর্ঘদিনের ঐতিহাসিক নথি প্রশাসনের বিবেচনায় নেওয়া উচিত ছিল। 

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে সাহারানপুর যাওয়ার পথে সমাজবাদী পার্টির (এসপি) কাইরানা আসনের সাংসদ ইকরা হাসানকে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাত থেকেই কাইরানায় তাঁর বাসভবনের বাইরে বিপুল পুলিশ মোতায়েন করে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয় বলে তিনি দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।