১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্কঃ
২৭ নভেম্বর, ২০২৬ ২:১৫ পিএম
শেয়ার করুন:
১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশের সব মাদ্রাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশের সব মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, সুপার, অধ্যক্ষ এবং পরিচালনা কমিটিকে নির্ধারিত কর্মসূচিগুলো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা ও কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো:

১. জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ 
পতাকা উত্তোলন: ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে প্রতিটি মাদ্রাসা ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।  
সমাবেশ ও ডিসপ্লে: সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্টেডিয়াম বা উন্মুক্ত স্থানে আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

২. বিজয়মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  
জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ‘বিজয়মেলা’য় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু-কিশোরদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা লিখন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।

৩. ক্রীড়া প্রতিযোগিতা  
দিবসের আনন্দ ছড়িয়ে দিতে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, হা-ডু-ডু এবং কাবাডি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

৪. বিশেষ দোয়া ও মোনাজাত 
১৬ ডিসেম্বর প্রতিটি মাদ্রাসায় সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। এতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, যুদ্ধাহত ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের নির্দেশনা 
মহান বিজয় দিবসের পাশাপাশি ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষেও পৃথক নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে যথাযোগ্য শ্রদ্ধায় দিনটি পালনের জন্য মাদ্রাসাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।