১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

অনলাইন ডেস্কঃ
২৭ নভেম্বর, ২০২৬ ২:১৮ পিএম
শেয়ার করুন:
১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনেই রাজধানীর রাজপথে বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ ডিসেম্বরের এ উদ্বোধনী কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর যৌথ প্রস্তুতি সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ১ ডিসেম্বর বড় সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে। উদ্বোধনী এ আয়োজনে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। 

দেশের সার্বভৌমত্ব রক্ষা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কঠোর বার্তা দিয়ে বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, যা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অহংকার। দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো ধরনের আধিপত্যবাদী হস্তক্ষেপ বরদাশত করা হবে না। 

এ সময় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে অভিযোগ করে বলা হয়, দেশে কৃত্রিম সংকট ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতার চক্রান্ত চলছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর যে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, তা বাধাগ্রস্ত করতেই এসব পরিকল্পিত ঘটনা ঘটানো হচ্ছে। তবে বর্তমান প্রশাসন সর্বোচ্চ সহনশীলতা ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হচ্ছে। কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। 

তিনি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের জানমাল রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণে কোনো আপস করা হবে না। এছাড়া মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ীই দল হিসেবে সংশ্লিষ্টদের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

উক্ত যৌথ প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেনসহ দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। 

এ ছাড়া যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।