এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তান সফরকালে রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সংবাদমাধ্যম বিবিসি উর্দুর এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।” তিনি আরও স্পষ্ট করেন যে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে অবিলম্বে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।
শেখ হাসিনা সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার এই ঘোষণাকে নাকচ করে দিয়েছে বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কেবল আইনগত প্রক্রিয়ায় আনুষ্ঠানিক প্রত্যর্পণের মাধ্যমেই তার ফেরা গ্রহণযোগ্য হবে।
শেখ হাসিনার দেশে ফেরার বার্তা প্রসঙ্গে স্পিকার মন্তব্য করেন, এটি মূলত নিজ দলের নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার একটি অপচেষ্টা মাত্র। তিনি সহসা দেশে ফিরবেন না বলেও অভিমত ব্যক্ত করেন তিন।
এদিকে বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “একজন চিহ্নিত সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারত সরকারও এখন উপলব্ধি করতে পারছে।” তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও বিতর্কিত আচরণ ভারতের জন্যই নতুন করে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকেই তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে শুরু থেকেই জোরালো অবস্থান নিয়ে আসছে ঢাকা।