পাহাড়ে শীতের শুরুতে পর্যটনকর্মীদের মানবিক উদ্যোগ: ৬০ হতদরিদ্র ও প্রতিবন্ধীর মুখে ফুটল হাসি

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৫:০৭ পিএম
শেয়ার করুন:
পাহাড়ে শীতের শুরুতে পর্যটনকর্মীদের মানবিক উদ্যোগ: ৬০ হতদরিদ্র ও প্রতিবন্ধীর মুখে ফুটল হাসি

দেশের অন্যতম দুর্গম ও শীতপ্রবণ পাহাড়ি জনপদ বান্দরবানের থানচিতে শীতের তীব্রতা জেঁকে বসতে শুরু করেছে। আর পাহাড়ের এই কনকনে ঠান্ডার শুরুতেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় পর্যটনকর্মীরা। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে থানচি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৬০টি হতদরিদ্র, প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ‘থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়িত হয়। পর্যটননির্ভর এই কর্মীদের এমন সামাজিক দায়বদ্ধতা স্থানীয় মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল ফয়সাল।

থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জওয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথুয়াই মারমা এবং থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াচিং মারমা (অনুপম)। এ সময় সমিতির সাধারণ সম্পাদক ক্লেমেট ত্রিপুরাসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সমতলের তুলনায় পাহাড়ে শীতের প্রকোপ আগেভাগেই অনুভূত হয়। তাই শীতের তীব্রতা আরও বাড়ার আগেই প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস। তাঁরা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে পাহাড়ের অসহায় মানুষের শীতকালীন দুর্ভোগ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে এই আয়োজন সফল করতে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।