কাপ্তাইয়ে কাজুবাদাম ও কফি গবেষণা কার্যক্রম পরিদর্শন ও চারা বিতরণ

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
২৪ নভেম্বর, ২০২৬ ১১:১১ এএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে কাজুবাদাম ও কফি গবেষণা কার্যক্রম পরিদর্শন ও চারা বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মো. জুলফিকার আলী। সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী তিনি কাপ্তাই হর্টিকালচার সেন্টার ও উপজেলা কৃষি অফিসের আওতায় পরিচালিত নানামুখী কর্মকাণ্ড সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার রেজাউল করীম, রাঙামাটি বনরূপা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশীদ, কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব এবং কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুল্লাহ মাহমুদ উপস্থিত ছিলেন।

সফরকালে প্রকল্প পরিচালক কাপ্তাই হর্টিকালচার সেন্টারে প্রকল্পের আওতায় নবনির্মিত ‘অফিস কাম ডরমিটরি’ ভবন ঘুরে দেখেন। এ সময় তিনি কফি ও কাজুবাদামের উচ্চফলনশীল জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ প্রযুক্তির সম্প্রসারণ এবং মাতৃগাছের (মাদার প্ল্যান্ট) যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব মাতৃগাছ থেকে অধিক পরিমাণে মানসম্মত চারা ও কলম উৎপাদনের লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক কাপ্তাইয়ের ‘এসডিজি গ্রাম’ হিসেবে পরিচিত মিতিঙ্গাছড়ি এলাকা পরিদর্শনে যান। সেখানে কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যোগে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে কফি ও কাজুবাদামের চারার পাশাপাশি বিভিন্ন উচ্চফলনশীল জাতের সবজি—মরিচ, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউ ও বেগুনের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে প্রকল্প পরিচালক মো. জুলফিকার আলী বলেন, "অর্থকরী ফসল হিসেবে কফি ও কাজুবাদাম এবং উচ্চফলনশীল সবজি চাষের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।" এ ধরনের উদ্যোগের ফলে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত জাতের ফসল চাষাবাদে আগ্রহ ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।