বিতর্কিত, পলাতক বা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে

অনলাইন ডেস্কঃ
২৩ নভেম্বর, ২০২৬ ১১:১২ পিএম
শেয়ার করুন:
বিতর্কিত, পলাতক বা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে

কোনো বিতর্কিত, চিহ্নিত বা পলাতক আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।

সোমবার সকালে ময়মনসিংহের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে ময়মনসিংহ সেক্টরের সামগ্রিক সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা জোরদারে গৃহীত পদক্ষেপ এবং অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নেওয়া নানা উদ্যোগ তুলে ধরা হয়।

সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্কতা  
কর্নেল নাসির উদ্দিন বলেন, "বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে যাতায়াত করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারত্বের সঙ্গে কাজ করছে। যেকোনো অপতৎপরতা রুখতে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"

তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বিজিবির তিনটি ব্যাটালিয়ন। রাষ্ট্রবিরোধী নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে।

সীমান্তে আধুনিক প্রযুক্তির নজরদারি  
সীমান্ত পাহারায় আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে সেক্টর কমান্ডার জানান, বর্তমানে সীমান্ত এলাকায় ৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। প্রযুক্তির সক্ষমতা বাড়াতে নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। নদী ও দুর্গম পথগুলোতে ব্যবহার করা হচ্ছে বিশেষায়িত ‘অল-টেরেন ভেহিক্যাল’ (এটিভি)। প্রতিটি বিওপিতে নিয়মিত চারবার টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ টহল কার্যক্রমও।

সন্দেহজনক তথ্যের কঠোর যাচাই-বাছাই  
হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল নাসির উদ্দিন বলেন, "সীমান্তবর্তী কিছু তৎপরতা নিয়ে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। কোনো তথ্যকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক তৎপরতা নজরে না এলেও আমাদের নজরদারি শতভাগ জোরদার রয়েছে।"

পুশইন ও মানবপাচার প্রতিরোধে সাফল্য  
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিজিবির ময়মনসিংহ সেক্টরের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এ সময়ের মধ্যে ১১টি পুশইনের ঘটনায় মোট ১৪১ জনের অবৈধ প্রবেশ প্রতিহত করা হয়েছে। এছাড়া ৪ জন মানবপাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। পাশাপাশি আরও ৫৮ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তকে নিরাপদ রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে কর্নেল নাসির উদ্দিন বলেন, "সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কারও আনাগোনা দেখলে সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করুন। সবার ঐক্যবদ্ধ সহযোগিতায় সীমান্তকে সম্পূর্ণ নিরাপদ রাখা সম্ভব।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।