'দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা', বিজিবির কড়া পাহারা

অনলাইন ডেস্কঃ
২৩ নভেম্বর, ২০২৬ ১১:০২ পিএম
শেয়ার করুন:
'দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা', বিজিবির কড়া পাহারা

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’

রোববার সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। অতিরিক্ত বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় লোকজন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে ওই বিজিবি সদস্যকে কফিনের বাক্স খুলে দেখার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়।

এদিকে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে কেউ যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে।

প্রয়োজনে স্থানীয় জনগণের সম্পৃক্ততায় দিন-রাত সীমান্তে টহল আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজিবির এই অধিনায়ক বলেন, সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, রোববার বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে বাংলাদেশের আটক সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ করে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেছে, সমাবেশের পর ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।