আগৈলঝাড়ায় তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ও ধর্মীয় উৎসব সম্পন্ন

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৫:৫৯ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা ও ধর্মীয় উৎসব সম্পন্ন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা পালপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজার্চনা ও ধর্মীয় উৎসব সম্পন্ন হয়েছে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী কালী, শীতলা ও জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। 

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আয়োজিত এ উৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত পাঠ ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন ছিল। পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের ঢল নামে এবং এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। বুধবার সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার বিভিন্ন ধর্মীয় উপাচার সম্পন্ন করা হয়। এরপর বৃহস্পতিবার দশমীর বিহিত পূজা এবং ধর্মীয় মর্যাদায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে। 

উৎসবের দ্বিতীয় দিন বুধবার রাতে মন্দির প্রাঙ্গণে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট সাংবাদিক প্রবীর বিশ্বাস ননীসহ স্থানীয় শিল্পীরা ভক্তিগীতি পরিবেশন করে উপস্থিত দর্শক ও ভক্তদের মুগ্ধ করেন।

পূজা কমিটির সভাপতি গৌতম পাল জানান, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতনী রীতি মেনে মায়ের আরাধনা সম্পন্ন হয়েছে। এই বিশাল আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন পূজা কমিটির সম্পাদক যতীন পাল।

আয়োজনের বিষয়ে স্বেচ্ছাসেবক কর্মী সঞ্জয় পাল বলেন, “প্রতিবছরের মতো এবারও বেশ জমকালো আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান কিছুটা সীমিত করা হয়েছে। বুধবার রাতে ‘নীলকণ্ঠ’ টিমের পূর্বনির্ধারিত পরিবেশনাটি স্থগিত রাখা হয়। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে পূজা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।”

তিন দিনব্যাপী এই ধর্মীয় উৎসব সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে পালপাড়া যুব সমাজের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন ও সার্বিক সহযোগিতা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।