'প্রবীণরা সমাজের বোঝা নন, দিকনির্দেশনার উৎস’ আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১ অক্টোবর, ২০২৬ ৬:২৮ পিএম
শেয়ার করুন:
'প্রবীণরা সমাজের বোঝা নন, দিকনির্দেশনার উৎস’ আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”— এই প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা কালিপদ পুইস্তা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম।

প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, “প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার বাতিঘর। তাঁদের দীর্ঘ জীবনের সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও সুন্দর সমাজ গঠন করা সম্ভব।” 

তিনি আরও বলেন, “বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের সার্বিক অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বিধানে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের উপযুক্ত মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।