মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
১৫ নভেম্বর, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন:
মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের চার দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে আশিক খান (২৪) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ধানখেতের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশিক খান ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর একটি মাদক মামলায় জামিনে মুক্তি পান আশিক খান। এরপর বৃহস্পতিবার সকালে একটি জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শুক্রবার মাদারীপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। 

রোববার দুপুরে খালের অপর পাশের একটি পরিত্যক্ত ডোবায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরেই আশিককে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রেখেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। 

নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।’

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাড়িতে গিয়ে কবির মাতুব্বরকে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কবিরের এক আত্মীয় দাবি করেন, এ ঘটনার সঙ্গে কবির বা তাঁর লোকজন জড়িত নন। স্থানীয় রাজনীতি ও দলাদলির কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানো হচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।