নেক্সকো-তে রানার্সআপ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চ্যাম্পিয়ন পবিপ্রবি

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
১০ নভেম্বর, ২০২৬ ১০:৪৬ এএম
শেয়ার করুন:
নেক্সকো-তে রানার্সআপ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চ্যাম্পিয়ন পবিপ্রবি

কৃষি শিক্ষা, গবেষণা ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় এক্সচেঞ্জ কো-অর্ডিনেটরস মিটিং—নেক্সকো’। কৃষি শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস’ (আইএএএস/ইয়াস)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল আকর্ষণ ‘হোস্ট পিচ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে রানার্সআপ হয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। 

শুক্রবার বাকৃবির চাষি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়। 

বাংলাদেশে প্রথমবারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইয়াস প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই নেক্সকো সম্মেলনের মূল লক্ষ্য ছিল—কৃষি গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের নতুন দিগন্ত উন্মোচন এবং বিভিন্ন কমিটির মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিং ও সমন্বয় জোরদার করা।

হোস্ট পিচ প্রতিযোগিতা ও সম্ভাবনাময় কৃষির গল্প:  
প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল—নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এমন সব কৃষিক্ষেত্র ও সম্ভাবনাময় উদ্যোগকে তুলে ধরা, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এসে বাংলাদেশের আধুনিক গবেষণা, উন্নত কৃষি প্রযুক্তি ও মাঠপর্যায়ের উদ্ভাবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

এতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অংশ নেন শিক্ষার্থী ইশমাম বিনতে ওয়াহিদ, অতনু হাওলাদার ও পৃথ্বী বিশ্বাস। তাঁরা তাঁদের উপস্থাপনায় খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) আধুনিক গবেষণা কার্যক্রম চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। পাশাপাশি ফুলতলার ‘স্বপ্ন মাশরুম সেন্টার’ এবং ডুমুরিয়ার আলোচিত ‘কচু নিউটন’ ও ‘চুই নবদ্বীপ’-এর খামার পরিদর্শনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কৃষি-উদ্যোগের রূপরেখা উপস্থাপন করে বিচারকমণ্ডলীর ভূয়সী প্রশংসা কুড়ান।

দিনব্যাপী বর্ণিল আয়োজন ও সমাপনী: 
সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ‘এক্সচেঞ্জ বুটক্যাম্প’, যেখানে আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রামের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘হোস্ট পিচ’ প্রতিযোগিতা। বিকেলে ‘নো ইচ আদার’ (Know Each Other) শীর্ষক পরিচিতি ও ভাববিনিময় পর্ব এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি জাদুঘর পরিদর্শন করেন প্রতিনিধিরা। 

পরবর্তীতে বিজয়ীদের হাতে সনদপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে উৎসবমুখর এই আয়োজনের পর্দা নামে।

আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াস-বাকৃবির লোকাল ডিরেক্টর কে এম আসিফ আল-রেহমান সাম্য, জাতীয় এক্সচেঞ্জ সমন্বয়ক নাফিস উদ্দিন এবং ‘কোফ্রুট লাইফ’-এর প্রতিষ্ঠাতা খালিদ আহসান নাবিদ। 

দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), তিস্তা ইউনিভার্সিটি এবং আইইউবিএটি—দেশের এই ৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।