আগৈলঝাড়ায় মধ্যরাতে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ১০ লক্ষাধিক টাকা: নাশকতার অভিযোগ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৯ নভেম্বর, ২০২৬ ৮:২৩ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় মধ্যরাতে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ১০ লক্ষাধিক টাকা: নাশকতার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ও দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা মনিরুল হাওলাদার উজ্জ্বল কাজের সুবাদে ঢাকায় থাকেন। বাড়িতে তাঁর স্ত্রী সেলিনা বেগম, স্কুলপড়ুয়া দুই মেয়ে ও বৃদ্ধা মা বসবাস করেন। প্রতিদিনের মতো রোববার রাতেও সবাই ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ বসতঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে। 

আগুনের বিষয়টি টের পেয়ে সেলিনা বেগম কোনোমতে দুই মেয়ে ও শাশুড়িকে নিয়ে অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে সক্ষম হন। পরে পরিবারের সদস্যদের ডাক-চিৎকার এবং স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করা হলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

ভুক্তভোগী পরিবার জানায়, গ্রামটির সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় খবর পেয়েও ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে চোখের সামনেই সবকিছু পুড়ে নিঃশেষ হয়ে যায়। 

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় ক্ষতিগ্রস্ত সেলিনা বেগমের সঙ্গে। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আগুনে আমার সাজানো সংসার এক নিমেষেই শেষ হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারিনি। দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত আত্মীয়-স্বজন ছাড়া কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ আমাদের একটু খোঁজ নিতেও আসেনি।” এটি কোনো দুর্ঘটনা নয় দাবি করে তিনি বলেন, “কেউ হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ঘরে আগুন দিয়েছে।” তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। 

এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে আগৈলঝাড়া পল্লী বিদ্যুতের লাইনম্যান মো. জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।