কাপ্তাইয়ে যুবসমাজকে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৯ নভেম্বর, ২০২৬ ৩:৫৪ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে যুবসমাজকে স্বাবলম্বী করতে সেনাবাহিনীর এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর যুবসমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত ‘এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

কাপ্তাই ১১ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের (১১ আর ই) সার্বিক ব্যবস্থাপনায় এবং সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় গত রবিবার (৮ নভেম্বর) জীবতলী আর্মি ক্যাম্পে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবকদের হাতে সনদপত্র তুলে দেন কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মিরাজ মাহমুদ। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর করে এগিয়ে যাওয়া কঠিন। এর পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই।” অর্জিত বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানের পথ বেছে নেওয়ার এবং নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া এই বিশেষ কারিগরি প্রশিক্ষণ কোর্সে স্থানীয় ২৭ জন বেকার যুবক অংশ নেন। দীর্ঘ এই কোর্সে অংশগ্রহণকারীদের এসি ও ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ ত্রুটি শনাক্তকরণ, প্রাথমিক রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মেরামতের ওপর নিবিড় ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। 

স্থানীয় সচেতন মহলের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এই কল্যাণমুখী ও যুগোপযোগী উদ্যোগ পাহাড়ি অঞ্চলের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এ ধরনের প্রশিক্ষণ যুবসমাজকে বিপথগামিতা থেকে দূরে রেখে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে সুদূরপ্রসারী অবদান রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।