এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সিডিখান ইউনিয়নের শিকদার মার্কেট সংলগ্ন খালের পাড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিডিখান ইউনিয়নের শিকদার মার্কেট সংলগ্ন খালের পাড়ের জমিটির মালিক স্থানীয় শাহাবুদ্দিন হাওলাদার। কয়েক বছর আগে তিনি ওই জমিতে বিভিন্ন প্রজাতির শতাধিক চারা রোপণ করেছিলেন। পরিচর্যায় চারাগুলো বেশ বড় হয়ে উঠেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা করাত দিয়ে অর্ধশতাধিক গাছ কেটে ফেলে। খবর পেয়ে জমির মালিক শাহাবুদ্দিন হাওলাদার স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
ভুক্তভোগী শাহাবুদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, “আমি একটি মসজিদের ইমামতি করি। রাতে বাড়ি ফেরার পথে শিকদার মার্কেট ব্রিজের কাছে সৌদিপ্রবাসী লিটন হাওলাদারের স্ত্রী, ছেলে শুভ এবং তাঁর ভাগ্নেকে দাঁড়িয়ে থাকতে দেখি। পূর্বশত্রুতার জের ধরে তারাই এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও তারা আমার রোপণ করা চারা গাছ উপড়ে ফেলেছিল এবং অতীতে প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লিটন হাওলাদারের স্ত্রী মিনা বেগম বলেন, “আমরা এ ঘটনার কিছুই জানি না। আমার স্বামী বিদেশে থাকেন এবং ছেলে কালকিনিতে ব্যবসা করে। প্রতিপক্ষ আমাদের ফাঁসাতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ তুলছে। জমি নিয়ে অতীতে বিরোধ থাকলেও বর্তমানে কোনো ঝামেলা নেই।”
স্থানীয় গ্রাম পুলিশ নুরুল আমিন জানান, পাঁচ-ছয় বছর আগে দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু হঠাৎ করে রাতে আবার এমন ঘটনা ঘটল।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) লাভলু বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মুন্সীগঞ্জ | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।