বিজয়নগরে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
৩ নভেম্বর, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন:
বিজয়নগরে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৫ বিজিবি, সরাইল ব্যাটালিয়ন)। জব্দকৃত কাপড় ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৩০ হাজার ৭০০ টাকা।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের দিকনির্দেশনায় বিশেষ অভিযানটি পরিচালিত হয়। সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে অবস্থান নেয়।

অভিযান চলাকালে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক দ্রুত পথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিজিবির ধাওয়া খেয়ে চালক কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যায়। 

পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৯ হাজার ২৭৮ মিটার ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড় উদ্ধার করেন। কাপড়সহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় চোরাচালানি মালামাল ও কাভার্ড ভ্যানটি আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সদা তৎপর রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।