কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৩ নভেম্বর, ২০২৬ ৮:১৭ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়

পিরোজপুরের কাউখালীতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কাউখালী উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে আজকের মতবিনিময় সভাটি অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়েছে। এখানকার মানুষের মাঝে এলাকার সার্বিক উন্নয়নের আন্তরিক প্রত্যাশা লক্ষ্য করেছি। সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহির সাথে নির্ধারিত সময়ে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও যোগ করেন, জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে জেলা প্রশাসন সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জেলা প্রশাসককে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান। সভার শুরুতে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “আজকের এই সভাটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। নবাগত জেলা প্রশাসক মহোদয়ের মূল্যবান দিকনির্দেশনা কাউখালীর প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।”

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং হাফেজ এবাদত হোসেন প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।