ফরিদপুরে ৮ কৃষি উদ্যোক্তার মাঝে অনুদান ও উপকরণ বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩ নভেম্বর, ২০২৬ ৭:২০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ৮ কৃষি উদ্যোক্তার মাঝে অনুদান ও উপকরণ বিতরণ

ফরিদপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আটজন কৃষি উদ্যোক্তার মাঝে অনুদান ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি’ (এসডিসি) এ কার্যক্রম বাস্তবায়ন করে। মঙ্গলবার এসডিসির ‘এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট (এগ্রিকালচার)’ প্রকল্পের আওতায় ফরিদপুর সদর শাখার নির্বাচিত সদস্যদের মাঝে এসব উপকরণ ও অনুদান তুলে দেওয়া হয়।

অনুদানপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন— উচ্চফলনশীল নতুন জাতের ফসল চাষে তিনজন, জলবায়ু সহনশীল জাতের ফসল চাষে একজন, আন্তঃফসল চাষ প্রদর্শনীতে একজন, পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদনে দুজন এবং এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে বছরব্যাপী ফসল চাষে একজন। 

অনুষ্ঠানে উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন উন্নত জাতের ফসল ও সবজির বীজ, ফলদ গাছের চারা, জৈব সার, জৈব বালাইনাশক, সিমেন্টের খুঁটি, সাইনবোর্ড এবং হিসাব সংরক্ষণের জন্য রেজিস্টার খাতা ও কলমসহ প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের হাতে এসব উপকরণ তুলে দেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার ঊর্ধ্বতন সহকারী পরিচালক (প্রশাসন) ইরানি সাদেক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও এএমডিইউর অতিরিক্ত কো-অর্ডিনেটর ডা. বিপ্লব কুমার মোহন্ত, এগ্রিকালচার অফিসার সুমাইয়া হাসান এবং সহকারী এগ্রিকালচার অফিসার সাজিদ আহমেদ।

অনুষ্ঠানে এসডিসি কর্তৃপক্ষ জানায়, কৃষিতে আধুনিক প্রযুক্তির বিস্তার ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা, উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।