থানচিতে বিশ্ব খাদ্য দিবস পালিত: পাহাড়ে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের তাগিদ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২ নভেম্বর, ২০২৬ ৬:১১ পিএম
শেয়ার করুন:
থানচিতে বিশ্ব খাদ্য দিবস পালিত: পাহাড়ে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের তাগিদ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, প্রতিকূল ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থার সংকট, জলবায়ু পরিবর্তন এবং কৃষি উপকরণের অপ্রতুলতা পাহাড়ের মানুষের খাদ্য উৎপাদন ও সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে প্রধান অন্তরায়। 

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবানের থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’-এর পিএইইপি (PHEP) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবন-জীবিকা মূলত প্রথাগত জুমচাষ, মিশ্র ফলবাগান ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। তাই খাদ্যসংকট দূর করতে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিল রেখে উৎপাদন বাড়াতে হবে। বিশেষ করে প্রান্তিক ও দুর্গম এলাকার কৃষকদের আধুনিক কৃষি প্রশিক্ষণ, উন্নত চাষাবাদ পদ্ধতি, পুষ্টি সচেতনতা, পারিবারিক সবজি বাগান সম্প্রসারণ, ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পাহাড়ে পানি সংরক্ষণের আধুনিক প্রযুক্তি বাস্তবায়নের তাগিদ দেন তাঁরা। টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে কারিতাসের মতো সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কৃষি কর্মকর্তা অংবাই মারমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা অনুপম, সাবেক প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক মিখাইল ত্রিপুরা ও ছাইন থোয়াই গ্য চাক প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কারিতাসের উপকারভোগী বিপুলসংখ্যক পাহাড়ি কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।