এইচএসসি পরীক্ষা: নাজিরপুরের দিঘিরজান কলেজ থেকে পাস করেনি একজনও

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
২ নভেম্বর, ২০২৬ ৩:১২ পিএম
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষা: নাজিরপুরের দিঘিরজান কলেজ থেকে পাস করেনি একজনও

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের কেউই পাস করতে পারেননি। প্রতিষ্ঠানটি থেকে এ বছর মানবিক বিভাগ থেকে মাত্র ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন। 

নাজিরপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র প্রতিষ্ঠান এটি। এমনকি নাজিরপুর উপজেলার ইতিহাসে এইচএসসি পরীক্ষায় কোনো একটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস না করার ঘটনা এবারই প্রথম। ৮ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও এমন ফলাফল বিপর্যয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

অনুসন্ধানে জানা যায়, ২০১৪ সালে প্রতিষ্ঠানটি কলেজ শাখা হিসেবে পাঠদানের অনুমতি পায়। তবে বিগত কয়েক বছরের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিবছরই পরীক্ষার্থীর সংখ্যা কমার পাশাপাশি পাসের হারও আশঙ্কাজনকভাবে নিম্নমুখী। কলেজটিতে ২০২৩ সালে ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ১৮ জন; ২০২৪ সালে ২৭ জনের মধ্যে পাস করেন ১৩ জন; ২০২৫ সালে ১৫ জন অংশ নিয়ে পাস করেন মাত্র ৫ জন; আর চলতি ২০২৬ সালে অংশ নেওয়া ৫ জনের মধ্যে কেউই কৃতকার্য হতে পারেননি। 

ফলাফল বিপর্যয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক সুমন বিশ্বাস বলেন, "২০১৪ সালে অনুমতি পাওয়ার পর থেকে আমরা নিয়মিত পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছি। প্রথম দিকে ফলাফল মোটামুটি সন্তোষজনক ছিল। কিন্তু কলেজটি নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। চরম আর্থিক অনটনের মধ্যে শিক্ষকদের দিন কাটাতে হচ্ছে।" 

তিনি আরও জানান, নন-এমপিও হওয়ায় অভিভাবকরা এখানে শিক্ষার্থী ভর্তি করাতে চান না। শিক্ষকদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে কিছু শিক্ষার্থী ভর্তি করানো হলেও তাদের ক্লাসমুখী করা সম্ভব হয় না। শিক্ষার্থীরা বাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হলেও নিয়মিত ক্লাসে আসে না। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতিই এই চরম ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ বলে তিনি দাবি করেন। 

এ বিষয়ে জানতে চাইলে দিঘিরজান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম অসুস্থতার কারণ দেখিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।