বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১ নভেম্বর, ২০২৬ ৮:৫০ পিএম
শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য প্রয়াত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা ছিলেন দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান ও সাহসিকতার কথা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন অবিচল থাকা এবং মানুষের কল্যাণে আত্মনিয়োগের কারণেই তিনি সমাজের সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার তাজ, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার এবং মরহুমের সন্তান ও বরিশাল আইনজীবী সমিতির অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না প্রমুখ।

এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তাঁদের পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।