জিয়ানগরে ৫২ বছর পর ১০০ একর সরকারি খাস জমি উদ্ধার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১ নভেম্বর, ২০২৬ ১১:৩৯ এএম
শেয়ার করুন:
জিয়ানগরে ৫২ বছর পর ১০০ একর সরকারি খাস জমি উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দীর্ঘ ৫২ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ১০০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই জমিতে উৎপাদিত সুপারি প্রকাশ্য নিলামে বিক্রি করে প্রাপ্ত ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে মৃত বলেশ্বর নদের পাশে জেগে ওঠা প্রায় ১০০ একর জমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। স্বাধীনতার পর ১৯৭২ ও ১৯৭৩ সালে সরকার এই জমি থেকে বিভিন্ন এলাকার ১৩০টি ভূমিহীন পরিবারকে ৫৬ একর জমি স্থায়ী বন্দোবস্ত দেয়। তবে বন্দোবস্ত পাওয়া পরিবারগুলোর বসতভিটা দূরে হওয়ায় এবং পরবর্তীতে সংলগ্ন এলাকায় নতুন চর জেগে ওঠায় স্থানীয় একটি প্রভাবশালী চক্র জমিটি জবরদখল করে নেয়। এরপর সেখানে সুপারি ও কলাবাগান গড়ে তুলে দীর্ঘ পাঁচ দশক ধরে তারা জমিটি অবৈধভাবে ভোগদখল করে আসছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সরকারি ওই বাগান থেকে সুপারি সংগ্রহ করতে গেলে অবৈধ দখলদারদের তীব্র বাধা ও হামলার মুখে পড়েন প্রশাসনের কর্মচারীরা। এ ঘটনার পর শনিবার কঠোর প্রশাসনিক উপস্থিতিতে সেখানে পুনরায় অভিযান চালানো হয়। এ সময় ঝুঁকি সত্ত্বেও সরকারি জমিতে উৎপাদিত সুপারি সংগ্রহ করে তা প্রকাশ্য নিলামে তোলা হয়। নিলামে বিক্রি হওয়া ১ লাখ ৪২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, “দড়িচর গাজীপুর গ্রামে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় ১০০ একর জমি দীর্ঘ ৫২ বছর ধরে অবৈধ দখলে থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রতিকূলতা সত্ত্বেও অভিযান চালিয়ে আমরা সরকারি সম্পত্তির ফসল উদ্ধার করেছি এবং তা প্রকাশ্য নিলামে বিক্রি করে ১ লাখ ৪২ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। সরকারি স্বার্থ ও সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।