সদরপুরে এইচএসসিতে কলেজের চেয়ে মাদ্রাসায় পাসের হার বেশি

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
১ নভেম্বর, ২০২৬ ১০:৩২ এএম
শেয়ার করুন:
সদরপুরে এইচএসসিতে কলেজের চেয়ে মাদ্রাসায় পাসের হার বেশি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ফরিদপুরের সদরপুর উপজেলায় সাধারণ কলেজের তুলনায় মাদ্রাসাগুলো উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। উপজেলার দুটি কলেজ ও তিনটি মাদ্রাসার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাদ্রাসাগুলোতে পাসের হার সন্তোষজনক হলেও কলেজগুলোতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে।

উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় ফলাফল প্রকাশের পর দেখা যায়—উপজেলায় সর্বোচ্চ পাসের হার চরবন্দরখোলা ফাজিল মাদ্রাসায় এবং সর্বনিম্ন সদরপুর মহিলা কলেজে। 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সাধারণ কলেজগুলোর মধ্যে উপজেলার অন্যতম প্রধান বিদ্যাপীঠ সদরপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর মোট ৭০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২৯১ জন; প্রতিষ্ঠানটিতে পাসের হার ৪১ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে সদরপুর মহিলা কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১০ জন। কলেজটিতে পাসের হার নেমে এসেছে মাত্র ২১ দশমিক ৭৪ শতাংশে। 

বিপরীতে, উপজেলার আলিম পর্যায়ের মাদ্রাসাগুলোর ফলাফল তুলনামূলকভাবে বেশ উজ্জ্বল। চরবন্দরখোলা ফাজিল মাদ্রাসা থেকে ১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১ জন পাস করেছেন, যার পাসের হার ৯১ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা থেকে ২৫ জন অংশ নিয়ে ২১ জন পাস করেছেন (পাসের হার ৮৪ শতাংশ) এবং চন্দ্রপাড়া সুলতানিয়া মাদ্রাসা থেকে ১৮ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন (পাসের হার ৭২ দশমিক ২২ শতাংশ)।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, উপজেলার তিনটি মাদ্রাসার পাসের হার যেখানে ৭২ থেকে ৯২ শতাংশের ঘরে রয়েছে, সেখানে দুটি কলেজের পাসের হার মাত্র ২২ থেকে ৪২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। 

বিশেষ করে ঐতিহ্যবাহী সদরপুর সরকারি ডিগ্রি কলেজে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সরকারি কলেজের এমন ভরাডুবি এবং সার্বিকভাবে কলেজগুলোর ফলাফল বিপর্যয়ের পেছনের কারণ খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।