এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৩১ অক্টোবর, ২০২৬ ৭:১৩ পিএম
শেয়ার করুন:
এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর

এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। এ বছর জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৫৫ শতাংশ। 

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ চিত্র উঠে আসে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর পিরোজপুর জেলা থেকে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল ৭ হাজার ৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। ৫১ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে বরিশাল বোর্ডের ছয় জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে পিরোজপুর।

তবে জেলার সামগ্রিক ফলাফলে সাফল্যের পাশাপাশি রয়েছে নেতিবাচক চিত্রও। পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা ওই প্রতিষ্ঠান দুটিতে মোট পরীক্ষার্থী ছিল ৮ জন, যার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ৭ জন শিক্ষার্থী।

এ ফলাফলের বিষয়ে পিরোজপুর জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী বলেন, "শিক্ষা অফিসের নিয়মিত তদারকি, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই জেলায় এমন সাফল্য এসেছে।" অন্যদিকে শতভাগ অকৃতকার্য হওয়া দুই প্রতিষ্ঠানের বিষয়ে তিনি জানান, সেখানে শিক্ষার্থীদের পড়াশোনায় শিক্ষকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৬ জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল ৬০ হাজার ৬৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৭ হাজার ৯১২ জন। পুরো বিভাগে সামগ্রিক পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।