প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরতি যাত্রায় বিলম্ব

অনলাইন ডেস্কঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৫:০৪ পিএম
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরতি যাত্রায় বিলম্ব

জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে তাকে বহনকারী বিমানের উড্ডয়ন স্থগিত করে পুনরায় টারমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিলম্ব হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে টোকিও ছাড়ার কথা ছিল। তবে উড্ডয়নের নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানান এবং অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এছাড়া দেশটির শীর্ষস্থানীয় বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একাধিক ফলপ্রসূ বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।