আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৮ অক্টোবর, ২০২৬ ৫:৩০ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ

‘পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন’—এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ করা হয়। 

বুধবার সকালে উপজেলার পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ায় নায়ক হোন’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সুস্থ ও সবল জাতি গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিয়মিত হাত ধোয়ার মতো একটি সাধারণ অভ্যাস ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা সংক্রামক ব্যাধি থেকে আমাদের সুরক্ষিত রাখতে পারে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই শৈশব থেকেই তাদের সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু বিদ্যালয়েই নয়, বাড়িতেও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার চর্চা বজায় রাখতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, ব্র্যাকের ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মাহাবুবা তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ইসরাৎ জাহানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। একই সঙ্গে খাবার গ্রহণের আগে-পরে এবং শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। আলোচনা ও প্রদর্শনী শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক সাবান বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।