ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অনলাইন ডেস্কঃ
২৮ অক্টোবর, ২০২৬ ৫:০৬ পিএম
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সড়ক দুর্ঘটনা রোধ, যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রযুক্তি কার্যকর হলে ট্র্যাফিক আইন অমান্যকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের হবে। 

রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ৫৫ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। এর মধ্যে মুন্সীগঞ্জ জেলার আওতায় রয়েছে প্রায় ৩৫ কিলোমিটার। পদ্মা সেতু চালুর পর থেকেই এই সড়কে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৫ অক্টোবর পর্যন্ত এই এক্সপ্রেসওয়েতে অন্তত ৫৮৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫২ জন এবং আহত হয়েছেন অন্তত ৯৫০ জন যাত্রী ও পথচারী। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়েতে অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ চালকদের লাগামহীন গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্র্যাফিক আইন না মানার প্রবণতা।

সম্প্রতি মুন্সীগঞ্জে উন্নয়নকাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি সাংবাদিকদের জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েকে আধুনিক এআই ক্যামেরার নজরদারিতে আনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় মহাসড়কগুলো এআই ক্যামেরার আওতায় আসছে। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক সড়কগুলোতেও এ প্রযুক্তি স্থাপন করে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার জানান, পুরো সড়কটি এআই ক্যামেরার আওতায় এলে ওভারস্পিডিং এবং নিয়মবহির্ভূত ওভারটেকিং অনেকটাই বন্ধ হয়ে যাবে। স্বয়ংক্রিয় মামলার ভয় থাকলে চালকরা আইন মেনে গাড়ি চালাতে বাধ্য হবেন, যার ফলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মমিনুল ইসলাম বলেন, "সড়কের বিভিন্ন স্থানে গতিসীমার সাইনবোর্ড ও সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চালকদের অসতর্কতা, আকস্মিক ইউটার্ন এবং ঘন কুয়াশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।" 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক এই এআই প্রযুক্তি পুরোদমে চালু হলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চালকদের অসচেতনতা দূর হবে এবং সড়ক দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।