কানের দুলের জন্য শিশুকে হত্যা করে আলমারিতে লুকিয়ে রাখে নারী

অনলাইন ডেস্কঃ
২১ জুলাই, ২০২৬ ১১:১৩ এএম
শেয়ার করুন:
কানের দুলের জন্য শিশুকে হত্যা করে আলমারিতে লুকিয়ে রাখে নারী

সাতক্ষীরার কালীগঞ্জে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ফারজানা সুলতানা (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ প্রতিবেশীর ঘরের আলমারি থেকে উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমাইয়া (২৬) নামের এক নারী বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা ও স্থানীয়দের অভিযোগ, শিশুটির কানের সোনার দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

গত সোমবার (২০ জুলাই) উপজেলার কাজলা কাশিবাটি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত ফারজানা উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গণপিটুনিতে নিহত সুমাইয়া একই এলাকার ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় ফারজানা। কিন্তু স্কুল ছুটি হওয়ার দীর্ঘ সময় পরও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের স্বজনেরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আটটার দিকে প্রতিবেশী সুমাইয়ার ঘরের ভেতর থাকা আলমারির ড্রয়ার থেকে ফারজানার নিথর দেহ উদ্ধার করা হয়।

এই খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা অভিযুক্ত সুমাইয়াকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত নারীর বাড়ি থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা মব তৈরি করে ওই নারীকে পিটিয়ে হত্যা করে। ঘটনার আসল কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।