মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

অনলাইন ডেস্কঃ
২৮ অক্টোবর, ২০২৬ ৩:৪২ পিএম
শেয়ার করুন:
মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের বড় চুক্তি পেয়েছে ভারতের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান ‘লারসেন অ্যান্ড টুব্রো’ (এলঅ্যান্ডটি)। জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘সুমিতমো করপোরেশন’-এর সঙ্গে যৌথ অংশীদারিতে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবে তারা।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় তাদের পরিবহন ব্যবসা বিভাগ (ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার) এসব কাজের চুক্তি নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলঅ্যান্ডটির মানদণ্ড অনুযায়ী ৫ হাজার কোটি ভারতীয় রুপির বেশি মূল্যের কাজকে ‘বড় চুক্তি’ হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে বাংলাদেশি মুদ্রায় এই চুক্তির অর্থমূল্য দাঁড়ায় সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি।

এই চুক্তির আওতায় ঢাকা মেট্রোরেল লাইন-১-এর রেলপথ নির্মাণ, আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, উন্নত সিগন্যালিং, অত্যাধুনিক টেলিযোগাযোগ এবং স্টেশনে যাত্রীদের সুরক্ষায় প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) স্থাপনের মতো জটিল প্রযুক্তিগত কাজগুলো সম্পন্ন করা হবে।

এর আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেল করিডর (এমআরটি লাইন-৬)-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজও সফলভাবে সম্পন্ন করেছিল এলঅ্যান্ডটি, যা বর্তমানে বাণিজ্যিকভাবে চালু রয়েছে।

নতুন এই দায়িত্ব প্রাপ্তির বিষয়ে এলঅ্যান্ডটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান রামকুমার এস বলেন, “ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে পুনরায় এমন কাজ পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এটি বিশ্বমানের বৃহৎ ও সমন্বিত নগর গণপরিবহন প্রকল্প বাস্তবায়নে এলঅ্যান্ডটির সক্ষমতা ও দক্ষতারই প্রমাণ।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।