স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির

অনলাইন ডেস্কঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৪ পিএম
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন সালমান মুক্তাদির

রাজধানীর মিরপুরে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন মন্তব্যের জবাব ও ব্যাখ্যা তুলে ধরেন তিনি।

এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রাথমিক তথ্যানুযায়ী ঘটনাটি চাঁদাবাজি নয়, বরং জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। একই সঙ্গে সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ মন্তব্য করে তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনায় সালমান কেন এখনো কোনো মামলা দায়ের করেননি। 

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে ভিডিওবার্তা দেন সালমান মুক্তাদির। 

‘মামলা কেন নেওয়া হয়নি, সেই জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকেই দিতে হবে’
ভিডিওতে সালমান দাবি করেন, ঘটনার রাতেই তিনি থানায় মামলা করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আপনি বলেছেন মামলা দায়ের করা হয়নি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও হয়তো জানেন না যে আমি গতকাল রাত ৪টা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় বসেছিলাম। কিন্তু ঘটনা ভাইরাল হওয়া এবং আপনার স্টেটমেন্ট আসার আগ পর্যন্ত কেন মামলা নেওয়া হয়নি—এই প্রশ্ন তো আমার আপনার কাছে থাকার কথা।” দেশের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বাস্তব যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

নিরাপত্তা ও মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন
ঘটনাটিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টুকটাক ভাঙচুর’ বলে মন্তব্য করার কড়া সমালোচনা করে সালমান বলেন, “আপনি এত বড় একটি ঘটনাকে কীভাবে এত হালকাভাবে ‘টুকটাক ভাঙচুর’ বলে উড়িয়ে দিলেন? নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনার। কিন্তু আপনার ভূমিকা দেখে মনে হচ্ছে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বাদ দিয়ে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পিআর (জনসংযোগ) সংকট সামাল দেওয়ার চেষ্টা করছেন।” 

প্রধানমন্ত্রীর সংসদীয় আসনে (ঢাকা-১৭) রাজধানীর প্রাণকেন্দ্রে এমন একটি ন্যক্কারজনক ঘটনা ঘটা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেন তিনি।

চাঁদাবাজির অভিযোগের কারণ ব্যাখ্যা
বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয়ে সালমান বলেন, হামলাকারীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, চাপাতি ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। স্থানীয় মানুষ এবং আটককৃতদের দেওয়া তথ্যে জানা গেছে তারা ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করছিল। বর্তমান সরকারের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া, তাই নাগরিক হিসেবে ক্ষোভ প্রকাশ করার অধিকার তাঁর রয়েছে। তিনি জানান, হামলাকারীরা স্টুডিওর সিসিটিভি ক্যামেরার পাশাপাশি মূল সার্ভারটিও ভেঙে নিয়ে গেছে।

সরকারের কাছে আর্থিক সহায়তা চান না সালমান
সালমান মুক্তাদির স্পষ্ট জানিয়ে দেন, ক্ষতিগ্রস্ত স্টুডিওর জন্য সরকারের কাছে তাঁর কোনো ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তার প্রত্যাশা নেই। তিনি বলেন, “আমি কারও কাছে সাহায্য চাইব না, টাকাও চাইব না। নিজের সামর্থ্য দিয়ে আমি আবার স্টুডিও গড়ে তুলতে পারব। কিন্তু সাধারণ নাগরিক হিসেবে নিরাপত্তা না পাওয়াটা রাষ্ট্রের ব্যর্থতা, এবং এর দায় সরকারকেই নিতে হবে।”

উল্লেখ্য, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মিরপুরের ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে এবং আলামত জব্দ করেছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।