নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৪:৩০ পিএম
শেয়ার করুন:
নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সদস্য ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা ছাত্রলীগের সদস্য মো. আবু সাঈদ (২১) এবং সোহাগদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার (৫৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ইন্দুরহাট বাজার এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করে নেছারাবাদ থানা পুলিশ। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়ার ছেলে। গত ২৫ অক্টোবর ইন্দুরহাট বন্দরে সরকারি স্বরূপকাঠি কলেজের সামনে থেকে বের হওয়া ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে ওই গ্রামের মৃত হাবিব গোমস্তার ছেলে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি গত ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি। মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ২৫ অক্টোবরের ছাত্রলীগের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আবু সাঈদকে এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডিবি পুলিশের অভিযানে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।