হাতিয়ায় এনজিও ‘দ্বীপ উন্নয়ন সংস্থা’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১২ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন:
হাতিয়ায় এনজিও ‘দ্বীপ উন্নয়ন সংস্থা’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় এক প্রয়াত নারীর পরিবারের ৪৮ শতক জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ ও পুকুর খননের অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা ‘দ্বীপ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের বিরুদ্ধে। পৈতৃক এই সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। তবে এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন রফিকুল আলম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরহুমা অজিফা খাতুনের ছোট মেয়ের জামাতা ইমাম উদ্দিন বলেন, তাঁর শাশুড়ির কোনো ছেলেসন্তান নেই, রেখে গেছেন আট মেয়ে। শাশুড়ির মৃত্যুর পর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষীদিয়া মৌজার (দাগ নম্বর: ৩৩০, ৩৩১, ৩৩২, ৩৩৩, ১৫৩২, ১৫৩৫, ১৫৩৬, ১৫৩৭ ও ১৫৩৮) মোট ৪৮ শতক জমি ‘দ্বীপ উন্নয়ন সংস্থা’ জোরপূর্বক দখলে নেয়।

তিনি অভিযোগ করে আরও বলেন, জমিতে সংস্থাটির নির্বাহী পরিচালক রফিকুল আলম পাকা ভবন নির্মাণ করেছেন এবং পুকুর খনন করেছেন। পরিবারটি জমিতে যেতে বা কোনো কাজে বাধা দিতে চাইলে উল্টো মামলা-হামলার ভয়ভীতি দেখানো হয়। এর ফলে অজিফা খাতুনের আট মেয়ে তাঁদের ন্যায়সংগত ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

সংবাদ সম্মেলনে অজিফা খাতুনের জ্যেষ্ঠ কন্যা রিজিয়া বেগম উপস্থিত ছিলেন।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা এবং হাতিয়ার যুদ্ধকালীন কমান্ডার। আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। মূলত আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।” 

তিনি আরও দাবি করেন, “এ সংক্রান্ত বিষয়ে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার বৈঠক করেছেন এবং সিনিয়র আইনজীবীরাও সমস্ত কাগজপত্র পর্যালোচনা করেছেন। সংশ্লিষ্ট জমিতে তাদের মালিকানার বৈধ কোনো কাগজপত্র নেই। এরপরও যদি তাদের কোনো ন্যায্য দাবি থাকে, তবে সংবাদ সম্মেলন না করে তারা সরাসরি আদালতের শরণাপন্ন হতে পারে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।