সদরপুরে শিক্ষার্থীদের হাতে দুদকের দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১২ নভেম্বর, ২০২৬ ৬:৫৯ পিএম
শেয়ার করুন:
সদরপুরে শিক্ষার্থীদের হাতে দুদকের দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সদরপুর উপজেলার জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে দুর্নীতিবিরোধী নানা স্লোগান সংবলিত এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক আইয়ুব আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ এবং উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এম শহিদুল ইসলাম (শাহিন)। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মাঝে সততা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। শৈশব-কৈশোর থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতা তৈরি হলে ভবিষ্যতে একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ বিনির্মাণ সম্ভব।

বক্তারা আরও উল্লেখ করেন, দুর্নীতিবিরোধী বার্তা ও স্লোগান সংবলিত এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের প্রতিনিয়ত সততার পথে চলার প্রেরণা জোগাবে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের পরিবার ও সমাজেও দুর্নীতির বিরুদ্ধে একটি ইতিবাচক ও সচেতন বার্তা পৌঁছে যাবে। 

দুদকের এই ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাতে আকর্ষণীয় শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।