আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১১ নভেম্বর, ২০২৬ ১০:২৯ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টার। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আগৈলঝাড়া উপজেলা শাখার টানা ১৪ বছরের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা। মঙ্গলবার রাতে সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

একই রাতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার এবং ছাত্রলীগ কর্মী কাওসার হোসেন।

এদিকে গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কোনো নির্দিষ্ট মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ না জানিয়েই পুলিশ তাদের বাসা-বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। হঠাৎ এমন গ্রেপ্তারের ঘটনায় পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

তবে পরিবারের অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, "সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।