এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও জলবায়ু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে দুই নেতা এ আলোচনায় বসেন।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান তিনি।
প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতায় গুরুত্ব
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিরক্ষা খাতে প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের সম্ভাবনাগুলো কাজে লাগানোর তাগিদ দেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের জোরালো সমর্থন প্রত্যাশা
রোহিঙ্গা সংকট মোকাবিলায় ধারাবাহিক সমর্থনের জন্য তুরস্কের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়ায় তুরস্কের সংহতি এবং শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্কের প্রশংসা করেন তিনি। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদে অংশীদারত্ব
বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খনিজ সম্পদ খাতে যৌথ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে এ খাতে টেকসই অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক সহায়তার বিষয়টিও গুরুত্ব পায়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং এ বিষয়ে উভয় দেশ একযোগে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
সেপ্টেম্বর ৯, ২০২৬
মে ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।