ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্কঃ
৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম
শেয়ার করুন:
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় মিলেছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে। 

আটককৃতরা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামের মৃত কফিরউদ্দিন প্রামাণিকের ছেলে রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের ছেলে নাজমুস সাদ (৩৩)। এদের মধ্যে রেজাউল করিম বর্তমানে রাজধানীর ফকিরাপুলে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর একে একে সিনেট ভবনের সামনে, নীলক্ষেতসংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’, উপাচার্য চত্বর ও শাহবাগ মোড় এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। 

টিএসসি এলাকায় ককটেল ফাটিয়ে মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করার সময় উপস্থিত জনতা ধাওয়া দিয়ে দুজনকে হাতেনাতে আটক করে। পরে জগন্নাথ হল এলাকা থেকে আরেকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। বিস্ফোরণে কেউ গুরুতর আহত হননি। ঘটনার বিস্তারিত জানতে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত চালানো হচ্ছে।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং ক্যাম্পাসে অস্থিরতা তৈরিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ এই অপতৎপরতা চালাচ্ছে। তাদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রদল মাঠে থাকবে এবং শিগগিরই এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।