রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন

অনলাইন ডেস্কঃ
১৮ অক্টোবর, ২০২৬ ২:৩৬ পিএম
শেয়ার করুন:
রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে বাসটির প্রায় অর্ধেক অংশ এবং ভেতরের আসনগুলো পুড়ে গেছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে নিয়মিত শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগে বাসটির রং করা ও অন্যান্য প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার সেটিকে মাতুয়াইলের ওই গ্যারেজে পাঠানো হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রোল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা বিশ্ববিদ্যালয়ের বাসটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যাওয়ায় এটি আপাতত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, “ছুটির মধ্যে সার্ভিসিংয়ের জন্য বাসটি গ্যারেজে পাঠানো হয়েছিল। সকালে সেখানে অন্য একটি বাসের আগুন ছড়িয়ে পড়ে আমাদের বাসের ক্ষতি হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাস মেরামতের যাবতীয় ক্ষতিপূরণ গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসনের প্রত্যাশা, চলমান ছুটির মধ্যেই বাসটির মেরামত কাজ শেষ করা সম্ভব হবে। দ্রুত মেরামত সম্পন্ন হলে নরসিংদী রুটের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে কোনো ভোগান্তি পোহাতে হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।