গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, যে তথ্য দিল পুলিশ

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২২ পিএম
শেয়ার করুন:
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, যে তথ্য দিল পুলিশ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ দেখতে পাওয়া যায়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও সুরতহাল পর্যালোচনার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছানোর পর পুলিশ কক্ষের ভেতরে প্রবেশ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে। 

তবে ঠিক কখন বা কীভাবে এই ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ওই তরুণী মরিয়ম খাতুন বলে শনাক্ত হলে গাজী নজরুল তাঁকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে একপর্যায়ে নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।