ফরিদপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ নভেম্বর, ২০২৬ ১১:২৪ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শহরের চাঁদমারি এলাকায় ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে এবং জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকেরা জানান, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

উদ্বোধনী পর্বে অতিথিরা চাঁদমারি এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সুস্থ ও সুন্দর পরিবেশের স্বার্থে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও তা পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।